মহব্বত—একটা শব্দ, অথচ কত রকম ব্যথা আর প্রশান্তির গল্প লুকিয়ে থাকে তার মাঝে। মানুষকে ভালোবাসা যায়, আবার রবের সাথেও মোহাব্বতের বন্ধন গড়া যায়। কিন্তু মানুষের মোহাব্বতে থাকে তীব্র কষ্টের ছায়া।
ভালোবাসো—আঘাত পাবে।
ভরসা করো—ভেঙে পড়বে।
আশা রাখো—হারানোর ভয় তাড়া করবে।
কিন্তু যে মোহাব্বত হয় রবের জন্য, সেখানে কান্না থাকে, থাকে গভীর রাতের নিঃশব্দ আকুতি—তবু সেখানে কষ্টও হয়ে ওঠে সাওয়াব।
জান্নাতের রাস্তাগুলো সেই মোহাব্বতের অভয়ারণ্য।
কিয়ামুল লাইলের দীর্ঘ দাঁড়িয়ে থাকা, নোনাজলের প্রতিটি ফোঁটা সেই মোহাব্বতের সাক্ষী হয়ে থাকে।
আল্লাহকে ভালোবাসলে তখন কাউকে ভালোবাসাও সহজ হয়।
আর তখন তাকে বলা যায়—
“আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি।”
তখন আর কাউকে হারিয়ে বুকফাটা কান্না আসে না।
তখন চোখ ভিজলেও ভেতরে প্রশান্তি থাকে—
“আল্লাহর জন্য ভালোবেসেছিলাম, আল্লাহই নিয়ে নিয়েছেন।”
আল্লাহর জন্য ভালোবাসা এমন এক আলো, যার আলোকে চিনে ফেলা যায়—
কে পেছন থেকে ছুরিকাঘাত করবে আর কে সামনে এসে ফুলের পাপড়ি বিছিয়ে দেবে।
আল্লাহর জন্য মোহাব্বত মানে—
জীবনের অপ্রয়োজনীয় মুখগুলো থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া,
আর প্রিয় মুখগুলোকে নতুন করে চিনে নেয়া,
যারা থাকলে জান্নাতের পথে যাত্রা হবে সহজ।
স্বামী-স্ত্রীর বন্ধন মধুর হয়, যখন তারা একে অপরকে বলে—
“ওহে, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি।”
তখন প্রতিটি দায়িত্ব, প্রতিটি ছাড়, প্রতিটি ক্ষমা হয়ে ওঠে ইবাদতের অংশ।
ইহসান করা হয় আল্লাহর জন্য,
সবর করা হয় আল্লাহর জন্য,
অভিমানে নত হওয়াটাও হয় তাঁর জন্য।
মা ও যদি তার সন্তানকে বলে —
“তোমাকে আমি কেবল আল্লাহর জন্য ভালোবাসি।”
যদি তুমি উমর হও—আমি বুক পেতে দাঁড়াবো তোমার পাশে।
আর যদি তুমি পথভ্রষ্ট হও,
আমার ভালোবাসার আলো নিভে যাবে।
কারণ তা ছিল কেবল আল্লাহর জন্য।
তোমার সফলতা চাই, তবে তা মুসআবের মতো,
তোমার চরিত্র চাই, তবে তা হোক আয়েশার মতো,
সুমাইয়ার মতো অটল,
আর ফাতিমার মতো পবিত্র।
কিন্তু তোমরা এত বোকা কেন?
কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসো না কেন?
তাহলে সেই ভালোবাসার প্রতিটি মুহূর্ত হবে ইবাদত,
প্রতিটি ত্যাগে থাকবে সাওয়াব।
তোমাদের ভালোবাসায় থাকে উচ্চাকাঙ্ক্ষা, থাকে শর্ত, থাকে প্রাপ্তির হিসাব!
কিন্তু আল্লাহর জন্য ভালোবাসায় থাকে কেবল প্রশান্তি—
নির্ভেজাল, নিঃস্বার্থ এক শান্তির সুবাস।
আমি আপনাকে সত্যিই ভালোবাসি।
কিন্তু শুধু একটাই পরিচয়ে—
“আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য।”
এর বাইরে আমার কাছে মোহাব্বতের কোনো সংজ্ঞা নেই। আসলেই নেই!!!
“إني أُحبك في الله”
© ~ Asma Akter
